ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় মুফতি আমির হামজা জাকির হোসেন সরকারকে মিষ্টি মুখ করান এবং আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের উন্নয়নে একসঙ্গে ভূমিকা রাখতে চান।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে মুফতি আমির হামজা পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন এবং ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।