ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তবে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ নিয়ে উপস্থিত হন।
এবারের নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে অংশ নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ফলে ব্যবধান দাঁড়ায় ৩৮ হাজারের বেশি।
রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না। তার চেয়ে বেশি কঠিন সময় পার করেছেন তার নেতাকর্মীরা। গত ১৭ বছরে তারা নানা ত্যাগ স্বীকার করেছেন। তিনি বলেন, “আমি হয়তো না জিতলে পেশায় ফিরে যেতে পারতাম, কিন্তু আমার কর্মীরা কোথায় যেত?”
ভোটের দিন কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, জালিয়াপাড়া কেন্দ্রে গিয়ে নিজেই পরিস্থিতি সামাল দিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন।