ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ধানের শীষ প্রতীকে হাবিবুর রশিদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে অর্জন করেছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
ফলাফলে দেখা যায়, জাবেদ মিয়ার চেয়ে ৫৭ হাজার ৭৫২ ভোট এবং তাসনিম জারার চেয়ে ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে স্পষ্ট ব্যবধানে জয় নিশ্চিত করেন হাবিবুর রশিদ।
এই আসনে পোস্টাল ভোটসহ মোট ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬৯ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ২১ হাজার ৬৮১ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৯৯৩টি ব্যালট। ফলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ১৭ হাজার ৬৮৮।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮২৭ ভোট। জাতীয় পার্টির কাজী আবুল খায়ের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২ ভোট।