ঢাকা-১৩ আসনের তিনটি ভোটকেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন মামুনুল হক। প্রাপ্ত ফল অনুযায়ী, রিকশা প্রতীকে নির্বাচন করা বাংলাদেশ খেলাফত মজলিস-এর এ প্রার্থী পেয়েছেন ১ হাজার ২৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১ হাজার ১১৫ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়ে, বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা, ৫৯টি স্থানে জালভোট এবং ৩টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এখন অপেক্ষা পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার।