নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েন। তিনি দাবি করেছেন, এ সময় তার ওপর হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাস-সমর্থিত কিছু কর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদে সরিয়ে নেয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তোলেন। তার ভাষ্য, প্রতিপক্ষের ‘সন্ত্রাসী বাহিনী’র মাধ্যমে ভোটকেন্দ্রে অনিয়ম হচ্ছে এবং প্রশাসনের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।