তারেক রহমান ভোটারদের উদ্দেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির চেয়ারম্যান এবং ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া বার্তায় তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের উদ্দেশে তিনি লেখেন, “যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন এবং নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।”
তিনি আরও বলেন, ভোটাররা যেন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের ওপর দায়িত্ব অর্পণ করেন। “কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ”—উল্লেখ করেন তিনি।
ধানের শীষ প্রতীকে নির্বাচিত প্রার্থীরা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করেন, সে বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এই নেতা। একই সঙ্গে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলের বিজয়ের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
পোস্টের শেষাংশে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। “করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানও তুলে ধরেন তিনি।