রংপুর-৩ (মহানগর-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। অপরদিকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
তবে নিজ নিজ আসনে নির্বাচন করলেও এই দুই শীর্ষ নেতা সেখানে ভোট দিতে পারছেন না। কারণ, দুজনই ঢাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত।
নির্বাচনি হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে বাসা নং-৯/এ, সড়ক নং-৩৩, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০। তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধানে দেখা গেছে, তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার হিসেবে নিবন্ধিত।
অন্যদিকে আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামে হলেও বর্তমানে তিনি ঢাকার ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তার ভোটকেন্দ্র ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
ভোটার এলাকা পরিবর্তন করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন আখতার হোসেন। তিনি এ জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে বলেন, এলাকা পরিবর্তনের চেষ্টা করলেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি।
তিনি আরও জানান, ভোটার নিবন্ধনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সে সময় বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করায় নিয়ম অনুযায়ী তার নাম ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ছয়টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।