ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা হয়েছে। ভোটকেন্দ্র পরিদর্শনে এসে মুখোমুখি হন ডা. শফিকুর রহমান এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্র থেকে বের হওয়ার পথে তাদের সাক্ষাৎ হয়।
এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন এবং একে অপরকে আলিঙ্গন করেন। উপস্থিত নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ ভোটারদের মধ্যে এ দৃশ্য কৌতূহলের সৃষ্টি করে। কুশল বিনিময়কালে মিল্টন বলেন, “আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করবো।”
জামায়াত আমির ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সৌহার্দ্য বজায় রেখেই দেশ গড়তে হবে। দুই প্রার্থীই শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাইফ জানান, সকালে কিছু তর্কাতর্কি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এমন সৌহার্দ্যপূর্ণ দৃশ্য নির্বাচনী পরিবেশে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন উপস্থিত ভোটাররা।