ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি সপরিবারে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নিজ বাসার নিকটবর্তী এই কেন্দ্রেই তিনি ভোট প্রদান করেন। কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার ছিল এবং দলীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
ভোটগ্রহণের দিন সকাল থেকেই ঢাকা-১৭ আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এই আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিএনপির চেয়ারম্যান নিজেই। তার প্রার্থিতা ঘিরে শেষ মুহূর্তে নতুন রাজনৈতিক সমীকরণও তৈরি হয়েছে।
নির্বাচনের ঠিক আগে চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাদের মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী। ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান ধানের শীষের প্রার্থীকে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সভাপতি ও টেলিভিশন প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদও তারেক রহমানকে সমর্থন দেন।
ঢাকা-১৭ আসনে এই সমর্থন ঘোষণাকে নির্বাচনের শেষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের সমীকরণ আরও একতরফা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।