ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বৃহস্পতিবার সকালে শাহজাহানপুরের ‘মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ’ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সকাল থেকেই কেন্দ্র এলাকায় ভোটারদের আনাগোনা লক্ষ করা যায়।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আফরোজা আব্বাস বলেন,
“সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। নির্বাচনের এই সুষ্ঠু ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন,
“এখন পর্যন্ত ভোটের যে চিত্র দেখছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। ইনশাআল্লাহ, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।”
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ও প্রার্থীর অংশগ্রহণের দিক থেকে এটি দেশের নির্বাচনী ইতিহাসে একটি উল্লেখযোগ্য পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে দুই হাজারের বেশি প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।