হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনে কালো টাকার সরবরাহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এটি প্রতিহত করা হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার থেকে ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন।
তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী।
হাসনাত অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় কালো টাকা ছড়িয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। বিশেষ করে জাফরগঞ্জ, বরকামতা, সুলতানপুর, রাজামেহার ও ফাতেহাবাদ ইউনিয়নের নাম উল্লেখ করে তিনি সতর্ক থাকার আহ্বান জানান। তার দাবি, ভোটারদের ভয়ভীতি দেখানো ও অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে।
তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি বলেন, ভোট যাকে ইচ্ছা দেওয়া যাবে, তবে অর্থ ও পেশিশক্তি দিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা প্রতিহত করা হবে।
ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।