ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন। তবে বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ড নির্বাচনকে ঘিরে উদ্বেগ তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান অভিযোগ করেন, বরগুনার একাধিক আসনসহ বরিশাল, পিরোজপুর ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন।
এছাড়া কিছু জায়গায় দল নির্বাচন করছে না—এমন অপপ্রচারও ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এসব কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রাক্কালে একটি মহল নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যারা ভোট কেনার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নিজ বিবেচনায় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য।
গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮টি আসনে নির্বাচনী লড়াই অব্যাহত রাখবে। তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।