গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকী অভিযোগ করেছেন, নির্বাচনে অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে এবং একটি রাজনৈতিক জোট বিভিন্ন কৌশল নিচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার আমেনা প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাকী বলেন, ভোটারদের আঙুলের কালি মুছে ফেলার জন্য বিশেষ ওষুধ আনার প্রস্তুতির মতো বিষয় নিয়ে অভিযোগ উঠেছে। পাশাপাশি অনুপস্থিত ভোটারদের নামে ভোট দেওয়া, একই ব্যক্তিকে একাধিকবার ভোট দেওয়ানো, কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে ভিড় সৃষ্টি করা এবং এসব ঘটনার মাধ্যমে ভোটারদের মধ্যে ভয় তৈরি করার মতো পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিযোগিতার নামে পুরোনো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তার ভাষায়, জনগণের ভোটের ওপর আস্থার পরিবর্তে নানা কৌশলগত উপায়ে ফল প্রভাবিত করার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে এ ধরনের পরিকল্পনার অভিযোগ তুলেন তিনি।
ভোটারদের পরিচয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সাকী বলেন, ধর্মীয় পোশাকের প্রতি তারা সম্মান দেখান। তবে ভোটগ্রহণের সময় প্রত্যেক ভোটারের সঠিক পরিচয় যাচাই নিশ্চিত করতে হবে, যাতে কেউ ভুয়া পরিচয়ে ভোট দিতে না পারে।
তিনি আরও বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে জাল ভোট, কেন্দ্র দখল বা কালো টাকার ব্যবহার রোধ করা কঠিন হবে। এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও উল্লেখ করেন।
এছাড়া গত দুদিন ধরে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা, লাঠিসোঁটা প্রস্তুত রাখা এবং নির্বাচনি দায়িত্বে পক্ষপাতের অভিযোগও তিনি উত্থাপন করেন।