জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো পরিস্থিতিতেই দল নির্বাচনের মাঠ ছাড়বে না। টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনাকে তিনি ‘সাজানো নাটক’ বলে দাবি করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
জুবায়ের বলেন, জেলা আমির ব্যবসায়িক প্রয়োজনে অর্থ বহন করতেই পারেন। এ ঘটনাকে কেন্দ্র করে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তার ভাষায়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং কোনো অবস্থাতেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবে না জামায়াত।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীরা বাধার মুখে পড়ছেন। সিলেটে এক নেতার ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, তিনি গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জে সামরিক বাহিনীর সদস্য পরিচয়ে হয়রানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় হামলা ও হয়রানির অভিযোগ তোলেন।
ঢাকা-১৫ আসনে দলের আমিরের একাধিক নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনাও উল্লেখ করেন জুবায়ের। তার মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
জেলা পর্যায়ের নেতাকে মানসিকভাবে হয়রানি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন এবং পুরো ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।