সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ গণনা শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তার কাছ থেকে মোট ৭৪ লাখ টাকা উদ্ধার হয়েছে। যদিও প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা উদ্ধারের কথা জানানো হয়েছিল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের সময় ওই নেতাকে আটক করা হয়। পরে বিস্তারিত গণনা শেষে টাকার পরিমাণ ৭৪ লাখে দাঁড়ায়।
অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, দেশের অভ্যন্তরীণ রুটে যাতায়াতের ক্ষেত্রে নগদ অর্থ বহনে নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা এতে অনাপত্তি জানিয়েছিল।
এ ঘটনায় জেলা জামায়াতের আমিরকে আটকের বিষয়টিকে ‘নাটক’ বলে দাবি করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ভোগান্তিতে ফেলার জন্য আটক করা হয়েছে।
জুবায়েরের দাবি, বেলাল উদ্দিন প্রধান ব্যবসায়িক লেনদেনের অর্থ বহন করছিলেন। টাকার উৎস সম্পর্কে যথাসময়ে প্রমাণসহ বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের অনাপত্তিপত্র ছিল। এমনকি বিমানবন্দরের নির্বাহী পরিচালকের অনুমতিও ছিল বলে দাবি করেন তিনি। এরপরও সৈয়দপুরে পৌঁছানোর পর তাকে আটক ও হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন জুবায়ের।