ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত—এমন দাবি করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও বিএনপির পক্ষে জনসমর্থনের প্রতিফলন দেখা যাচ্ছে।
বুধবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর বিমানবন্দর থেকে নগদ অর্থসহ আটকের ঘটনাও তুলে ধরেন। মাহদী আমিন অভিযোগ করেন, বিএনপির সম্ভাব্য বিজয় ঠেকাতে একটি মহল নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেন রোধে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত থাকলেও বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে একজন রাজনৈতিক নেতা নির্বাচনের ঠিক আগে ভ্রমণ করছেন—এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে অর্থের উৎস ও উদ্দেশ্য নিয়ে।
এই ঘটনাকে তিনি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে দাবি করেন। তার ভাষায়, যারা দুর্নীতিবিরোধী বক্তব্য দেন, তাদের ক্ষেত্রে এমন অভিযোগ তাদের ঘোষিত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—সেটিও বিবেচনার বিষয়।
মাহদী আমিন আরও অভিযোগ করেন, বিষয়টি বিচ্ছিন্ন নয়। তার দাবি, জামায়াতের আমিরের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ ছাড়াও কুমিল্লা, নোয়াখালী ও খুলনাসহ বিভিন্ন স্থানে একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, কিছু স্থানে ভোটারদের মোবাইল আর্থিক সেবার নম্বর সংগ্রহ, বিভিন্ন উপকরণ মজুত কিংবা নির্বাচনের সময় ভুয়া পরিচয়ে ভোট দেওয়ার আশঙ্কা নিয়ে তাদের কাছে তথ্য এসেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং নারীদের পর্দা ও ধর্মীয় পোশাকের মর্যাদা রক্ষার পক্ষে। তবে ধর্মীয় পোশাকের আড়ালে কেউ যদি অনিয়ম বা জাল ভোটের চেষ্টা করে, সেটি আইনানুগভাবে প্রতিহত করা উচিত।