তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায়ে তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম Deutsche Welle-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একইসঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে নির্বাচন, ভূ-রাজনীতি, বাংলাদেশ-ভারত সম্পর্ক, তরুণ ভোটারদের ভূমিকা এবং গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে এবং বিএনপিও সেই প্রত্যাশা পূরণে আশাবাদী।
১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে নির্বাচনমুখী রাজনীতিতে সক্রিয় হওয়াকে নিজের জীবনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত শোক ও নির্বাচনী ব্যস্ততার মধ্যে ভারসাম্য রক্ষা করাই ছিল সবচেয়ে কঠিন বিষয় বলে জানান তারেক রহমান।
তরুণ ও প্রথমবারের ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপির ঘোষিত ইশতেহারে তরুণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।