বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না। তিনি বলেন, জনগণ তাদের দায়িত্ব পালন করেই সুষ্ঠু ভোট আদায় করে নেবে।
মঙ্গলবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জামায়াত আমির জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন—কোনো পক্ষের আনুকূল্য দেখানো কাম্য নয়।
গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আকাঙ্ক্ষার আলোকে প্রস্তাবিত সংস্কারের বৈধতা নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা কাজ করছেন এবং বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ বিজয়ী হবে বলে আশাবাদী। তার মতে, ‘হ্যাঁ’ বিজয়ী হলে ন্যায়বিচার ও জবাবদিহির পথ খুলবে।
তিনি আরও বলেন, তরুণদের ভাতা নয়, যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়ার মাধ্যমেই দেশ গড়তে চান তারা। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে প্রস্তুত—এটাই বড় ইতিবাচক দিক।
বৈঠকে উপস্থিত ছিলেন মামুনুল হক, নাহিদ ইসলামসহ জোটের শীর্ষ নেতারা। জামায়াত আমির গুজব এড়িয়ে ভোটকেন্দ্রে থেকে ফলাফল নিশ্চিত করার আহ্বান জানান।