ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যালট কারচুপির অভিযোগে ‘সেইফ এক্সিট’ নেওয়ার চেষ্টা করছেন—এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন। পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, নীলক্ষেত সংশ্লিষ্ট ব্যালট কারচুপির ঘটনায় জড়িয়ে পড়ার আশঙ্কায় ভিসি আগেভাগেই ডেনমার্কের উদ্দেশ্যে ‘সেইফ এক্সিট’ নিচ্ছেন। তিনি ভিসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সৎ সাহস থাকলে থেকে যান।”
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হঠাৎ করে কোনো শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি করার পক্ষে তিনি নন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনে তিনি সম্মত থাকবেন।
মঙ্গলবার বেলা তিনটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হয়, ভিসির বক্তব্য কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করছেন—এমন খবর সঠিক নয় বলে বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।