আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস–এর চেয়ে ১৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বলে জনমত জরিপে উঠে এসেছে। এই জরিপে নাসীরুদ্দীন পাটোয়ারীর জয়লাভের সম্ভাবনা দেখানো হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান সোচ্চার ১৩টি সংসদীয় আসনের জরিপের সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানানো হয়, এসব আসনে ‘রিভিল্ড ভোট’ বা প্রকাশিত মতামতের ভিত্তিতে এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থান তুলে ধরা হয়েছে।
সোচ্চার জানায়, এখনো উল্লেখযোগ্যসংখ্যক ভোটার সিদ্ধান্তহীন থাকায় চূড়ান্ত ফলাফলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অনেক আসনেই এই আনডিসাইডেড ভোটাররাই শেষ পর্যন্ত বিজয় নির্ধারণ করবেন।
জরিপ অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। কুমিল্লা-৯ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে, যেখানে জামায়াত ৩ শতাংশে এগিয়ে। কুমিল্লা-১০ ও গাইবান্ধা-২ আসনে জামায়াত উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
ঢাকার অন্যান্য আসনের মধ্যে ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র বলে উল্লেখ করা হয়েছে। জরিপ সংস্থাটি স্পষ্ট করেছে, এসব ফলাফল কোনো চূড়ান্ত পূর্বাভাস নয়; শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ ও ভোটারদের সিদ্ধান্তই নির্বাচনের ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।