জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিদ্বেষ ও বিভাজনের রাজনীতিতে দেশের প্রায় ১৮ কোটি মানুষ আজ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তিনি বলেন, ইনসাফ ও সাম্যের কথা বলে দেশে চরম বৈষম্য, দখলদারিত্ব ও নিষ্ঠুরতার এক অমানবিক বাস্তবতা তৈরি করা হয়েছে, যেখানে মানুষ আজ বাকরুদ্ধ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের ও দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, দিনেদুপুরে প্রতিপক্ষকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার ঘটনা ঘটছে, সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হচ্ছে, অথচ রাষ্ট্র নির্বিকার ভূমিকা পালন করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে—এটি একটি ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতিকে ‘মুমূর্ষু’ আখ্যা দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি আজ হুমকির মুখে। শত শত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ছে বেকারত্ব। পাশাপাশি নারীর নিরাপত্তা, শিল্প-সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতাও আজ সংকুচিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এই অবস্থা থেকে উত্তরণে ‘লাঙ্গল’ প্রতীকে ভোট চেয়ে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। তিনি গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংবিধান সংস্কার অবশ্যই হতে হবে স্বচ্ছ ও সাংবিধানিক প্রক্রিয়ায়, নির্বাচিত সংসদের মাধ্যমে।