বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত একটি খুব কৌশলী রাজনৈতিক দল, যারা অপপ্রচার চালায়, ধর্মকে ব্যবহার করে এবং চরিত্র হননের রাজনীতি করে। তবে তিনি জনগণকে বোকা মনে করেন না বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ অনেক সচেতন ও চালাক। তারা কারা সত্যিকার অর্থে জনগণের রাজনীতি করে আর কারা বিভ্রান্তি ছড়ায়—তা ভালোভাবেই বোঝে।
নির্বাচন কতটা নিরপেক্ষ হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুটা শঙ্কা থাকলেও অতীতের মতো বড় ধরনের নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবার হবে না বলে তিনি আশা করেন। ফলাফলের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় নির্বাচনের ফল মেনে নিয়েছে। ২০০৮ সালে মাত্র ৩০টি আসন পেলেও বিএনপি সংসদে গিয়েছিল।
আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে ফখরুল বলেন, এবার বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে তারা বিশ্বাস করেন। প্রতিপক্ষ মাঠ গোছাচ্ছে—এতে বিএনপি শঙ্কিত কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপি কখনো প্রতিপক্ষকে দুর্বল মনে করে না; বরং প্রতিপক্ষকে শক্তিশালী ধরেই নির্বাচনি কৌশল নির্ধারণ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলীয় নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।