বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত একটি কৌশলী রাজনৈতিক দল এবং তারা নানা ধরনের অপপ্রচার চালায়। তবে জনগণকে তিনি বোকা মনে করেন না; বরং জনগণ অনেক সচেতন ও বিচক্ষণ বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
নির্বাচন নিরপেক্ষ হবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কিছুটা শঙ্কা থাকলেও অতীতের মতো বড় ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবার হবে না—এমনটাই তিনি আশা করছেন।
নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সব সময়ই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। উদাহরণ হিসেবে তিনি ২০০৮ সালের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, সে সময় বিএনপি মাত্র ৩০টি আসন পেলেও সংসদে গিয়েছিল। এবারের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।
প্রতিপক্ষের প্রস্তুতি নিয়ে শঙ্কিত কি না—এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনোই প্রতিপক্ষকে দুর্বল মনে করে না। প্রতিপক্ষ যেমনই হোক, তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করে দল নির্বাচনী প্রচারণা চালায়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।