আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে উৎসবের পরিবেশ নেই, বরং ভয় ও আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত বরিশাল-৩ আসনের প্রার্থী এবং এবি পার্টির মুখপাত্র ব্যারিস্টার ফুয়াদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত নির্বাচন-পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভোটের মাঠের নিয়ন্ত্রণ এখনও প্রশাসন পুরোপুরি নিতে পারেনি। ঈদের মতো উৎসবমুখর পরিবেশ থাকার কথা থাকলেও বাস্তবে ভোটারদের মধ্যে ভয় কাজ করছে।
তিনি জানান, সাধারণ ভোটাররা এখনো ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে শঙ্কিত। তার অভিযোগ, একটি দলের সন্ত্রাসীরা এলাকায় এলাকায় ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ভোটকে প্রভাবিত করতে পেশাদার ডাকাত ও অস্ত্রধারীদের আনা হচ্ছে। চরাঞ্চলে অস্ত্রের প্রশিক্ষণ চলছে এবং রাতে গুলির শব্দ শোনা যাচ্ছে বলেও তিনি দাবি করেন।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, মাঠপর্যায়ে প্রশাসন এসব বিষয়ে ব্যবস্থা নিতে চাইলেও তাদের কার্যকর ভূমিকা রাখতে দেওয়া হচ্ছে না। এতে করে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশনকে স্পষ্ট করতে হবে তারা ভোটারদের পক্ষে থাকবে নাকি মাস্তানদের পক্ষে। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও ভীতিহীন নির্বাচন চায়। সে জন্য দ্রুত ভোটের পরিবেশ নিরাপদ করার দাবি জানান তিনি।