চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, তার আজীবনের স্বপ্ন ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর সঙ্গে জাতীয় সংসদে বসার। তবে সেই সুযোগ আর হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। হুমাম কাদের চৌধুরী বলেন, খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্ব ও অনুপ্রেরণার কারণেই তিনি আজ বেঁচে আছেন।
দেশের দুঃসময়ে বিদেশে না গিয়ে খালেদা জিয়ার দেশে অবস্থান করার বিষয়টি মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে তিনি বলেন, অতীতেও রাঙ্গুনিয়ার মানুষ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও তা প্রমাণ হবে বলে তিনি আশাবাদী। ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে হুমাম কাদের চৌধুরী বলেন, তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন এবং সাত মাস ‘আয়নাঘরে’ ছিলেন। আগামী দিনে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা, অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যবসা বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান।