ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপির ভেতরে চাঁদাবাজ ও মামলাবাজদের প্রভাব বেড়ে যাওয়ায় দলের ত্যাগী নেতাকর্মীরা আজ হতাশ ও কোণঠাসা অবস্থায় রয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় শিশু পার্কে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করা বহু ত্যাগী কর্মী আজ নিজেদের দলেই অবহেলিত। বিএনপির অনেক কর্মী তার কাছে এসে গোপনে কান্নাকাটি করেন বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন ও নিপীড়নের মধ্যেও যারা দলকে আগলে রেখেছেন, আজ তারাই সবচেয়ে বেশি বঞ্চিত। তাদের জায়গা দখল করে নিয়েছে চাঁদাবাজরা এবং ৫ আগস্টের পর মামলাবাজরাও সেই দখলে যুক্ত হয়েছে। অথচ যাদের এই সময়ে রাজপথে দেখা যায়নি, তারা এখন প্রভাবশালী হয়ে উঠেছে।
ত্যাগী নেতাকর্মীদের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই আজ সমাজে অপমানের শিকার হচ্ছেন, যদিও তারা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। উঠান বৈঠকে শিশুদের উদ্দেশে তিনি পরিবর্তনের পক্ষে পরিবারকে ভোট দিতে উৎসাহিত করার আহ্বান জানান। বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।