নোয়াখালী-২ আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
জনসভায় ফারুক বলেন, যারা আদর্শচ্যুত হয়ে ধানের শীষের বিরুদ্ধে কাজ করছেন এবং বিক্রি হচ্ছেন, তাদের প্রকৃত হিসাব আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, বিএনপির বহিষ্কৃত কিছু নেতা ও স্থানীয় জামায়াতের একটি অংশ স্বতন্ত্র প্রার্থীর ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে মাঠে নেমেছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
তিনি আরও বলেন, যারা একসময় বিএনপির রাজনীতি করেছেন, তাদের উচিত ছিল ভুল স্বীকার করে ধানের শীষের পক্ষে কাজ করা। তা না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দাঁড়ানোকে তিনি “বিশ্বাসঘাতকতা” হিসেবে উল্লেখ করেন।
প্রচারণাকালে নিজের ওপর হামলার অভিযোগ তুলে ফারুক বলেন, তার গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তবে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে জানান, সন্ত্রাসের জবাব তিনি ভোটের মাধ্যমেই দিতে চান।
বক্তব্যের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ সারাদেশে বিপুল বিজয় অর্জন করবে এবং দেশের রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত হবে।