পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, এবারের নির্বাচনে যারা ভোট চুরি করতে আসবে, তাদের বাড়ি থেকে বিদায় নিয়েই বের হতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনের শেষ জনসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “রক্ত দিতে হলে দেবো, জীবন দিতে হলে দেবো—কিন্তু একটি ভোটও চুরি হতে দেবো না। যারা ভোট চুরির উদ্দেশ্যে আসবে, তাদের শেষ ঠিকানা হবে হাসপাতাল। আমরা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে স্পষ্ট করে বলতে চাই—কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা গোপন নকশা বাস্তবায়নের চেষ্টা করলে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”
তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের মুক্তির লড়াই, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে আমরা রক্ত ও জীবন দিয়ে হলেও বিজয় অর্জন করবো—ইনশাআল্লাহ।”
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “২০ বছর আগের ভয়ভীতি, ব্যালট ছিনতাই আর ভোটকেন্দ্র দখলের পুরোনো রাজনৈতিক সংস্কৃতি দিয়ে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এই দেশের মাটিতে আর বাস্তবায়ন হবে না। পুরোনো বন্দোবস্তের রাজনীতি মানুষ এখন ভালোভাবেই চিনে ফেলেছে।”