ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির–এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাস্তার ভ্যানে সবজি বিক্রি করা এক বয়স্ক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি ওই বিক্রেতার হাতে এক হাজার টাকার একটি নোট তুলে দেন।
ভিডিওতে শাহরিয়ার কবিরকে ওই ব্যবসায়ীর কাছে জানতে চাইতে দেখা যায় ব্যবসা কেমন চলছে। বিক্রেতা দেশের পরিস্থিতি ভালো নয় বলে হতাশার কথা জানান। এ সময় ধর্মীয় কথোপকথনের মধ্য দিয়ে শাহরিয়ার কবির বলেন, মুসলমান হিসেবে আল্লাহই রিজিকের মালিক। কথাবার্তা শেষে চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে টাকা দেন, যা ক্যামেরায় ধরা পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন শাহরিয়ার কবির। তিনি বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে এবং তিনি সারাদিন বিক্রি না হওয়ার কথা জানান। মানবিক দিক বিবেচনায় তাকে এক হাজার টাকা দেওয়া হয়েছে।
এটি ভোট কেনার উদ্দেশ্যে নয় এবং তিনি ওই ব্যক্তির কাছে কোনো ভোট চাননি বলেও দাবি করেন। একইভাবে শিশুদের খেলনা কিনে দেওয়ার ঘটনাও ক্যামেরার সামনেই হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কারণ ২০০৮ সালের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের আগে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি নিজ নির্বাচনী এলাকায় প্রকাশ্যে বা গোপনে কোনো ধরনের অনুদান বা অর্থ প্রদান করতে পারেন না। এ কারণে সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—এই ঘটনা আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।