ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণার শেষ দিনে ঢাকা-১৫ আসনে নির্বাচনী গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণমিছিলে নেতৃত্ব দেন দলটির আমির ও ঢাকা-১৫ আসনের সংসদীয় প্রার্থী ডা. শফিকুর রহমান। এতে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখাসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আগারগাঁও, তালতলা হয়ে মিরপুর এলাকা পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অলিগলি ও প্রধান সড়কজুড়ে মানুষের ঢল নামে।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমিছিলে অংশগ্রহণকারীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে গণমিছিলটি সম্পন্ন হয়েছে এবং কর্মসূচি চলাকালে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।