চাঁদাবাজি ও দুর্নীতির কারণে শিল্প প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম। তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন, আর হাতপাখা মার্কাই সেই পরিবর্তনের প্রতীক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৫ (সদর) আসনের বিসিক শিল্প এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করীম বলেন, বিসিক শিল্প এলাকা বরিশালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও দীর্ঘদিন ধরে এটি চাঁদাবাজি, অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার।
এর ফলে শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেক প্রতিষ্ঠান টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে শিল্প উদ্যোক্তা, শ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শিল্পখাতের উন্নয়ন ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বিসিক এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধান এবং শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা হবে।
নদীবেষ্টিত বরিশালে নদীভাঙন একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি কীর্তনখোলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও স্থায়ী সমাধানের জন্য সংসদে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। জনসংযোগকালে তিনি ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।