আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের ফজর থেকে মাগরিব পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী–এর নির্বাচনী গণমিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, যারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা অঙ্গ হারিয়েছেন, তাদের আত্মত্যাগের তুলনায় একটি দিন ভোটাধিকার রক্ষায় পাহারা দেওয়া কোনো কঠিন কাজ নয়। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ফজর থেকে মাগরিব এবং ফলাফল ঘোষণা শেষ হওয়া পর্যন্ত ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো মাফিয়া বা সন্ত্রাসী যদি কেন্দ্র দখলের চেষ্টা করে বা একজন ভোটারকেও ভোট না দিয়ে ফিরতে হয়, তাহলে দেশ আবারও ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চিত্র দেখবে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা দিয়ে ভোট চুরির পথ তৈরি করা হয়েছিল, তবে ঐক্যবদ্ধ চাপের মুখে কমিশন পিছু হটেছে। একই সঙ্গে তিনি দেশপ্রেমিক বিএনসিসি সদস্যদের কেন্দ্রে দায়িত্ব দেওয়ার দাবি জানান।
আসিফ মাহমুদ বলেন, জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলেই ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যেই ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।