বিএনপি দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে অভিজ্ঞ দল—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস–এর নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় এসে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে মুক্ত করেছিলেন। বিএনপির রাজনীতিতে দুর্নীতি ও আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং সে সময় বাংলাদেশ খাদ্য রপ্তানিতেও সক্ষম হয়। পরে ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির ভিত গড়ে তোলে।
তারেক রহমান দাবি করেন, বিএনপিই একমাত্র দল যারা জানে কীভাবে দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতে হয়, নারীদের সাবলম্বী করতে হয় এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হয়। অন্যদিকে কিছু দল কেবল বক্তৃতার মঞ্চে বড় বড় কথা বললেও দেশের জন্য কোনো বাস্তব পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন তিনি।
জনসভায় তারেক রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন যদি কেউ করতে পারে, সেটি ধানের শীষ প্রতীকই পারে। এ সময় তিনি মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে এলাকাবাসীর প্রতি তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।