আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মোবাইল ফোন নিষিদ্ধ করা হলে ভোটারদের উচিত সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া। কোথাও অনৈতিক কিছু ঘটলে তা ভিডিও করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত দিচ্ছে এবং এটি কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন–এর সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা চিঠিতে জানানো হয়, প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
তবে বিষয়টি নিয়ে এখনো ‘পুরোপুরি স্পষ্টতা নেই’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা নিষেধাজ্ঞার আওতায় পড়লে কমিশনাররা বসে সিদ্ধান্ত নেবেন।
এদিকে, প্রজ্ঞাপন বাতিল না হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে এবং জনগণের রায় ছাড়া ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হবে।