বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ১৬–১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল।
ইনশাআল্লাহ, এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন পথে যাত্রা শুরু করবে এবং দেশে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে গণতান্ত্রিক অধিকার আদায়ে আর কাউকে রক্ত দিতে হবে না।
রোববার সন্ধ্যায় নিজ উপজেলা পেকুয়ার সাকুরপাড় স্টেশনে আয়োজিত গণমিছিল শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ধানের শীষের গণমিছিলে অংশ নিয়ে জনগণ যে আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ করেছেন, তার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ২টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। সবাইকে সেখানে উপস্থিত থেকে দল ও প্রার্থীকে শক্তি ও সাহস জোগানোর আহ্বান জানান তিনি।
আজকের মতো সেদিনও ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সারা দেশের মতো চকরিয়া-পেকুয়াতেও ধানের শীষ রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।