পিরোজপুর-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে।
তিনি অভিযোগ করেন, সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় দলটি এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং জনগণের পালস বুঝতে ব্যর্থ হচ্ছে।
রোববার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের মূল ধারায় প্রবেশ করতে পারেনি। এখনই সময় একটি কাঙ্ক্ষিত সরকার গঠনের।
তিনি আরও বলেন, দীর্ঘদিন যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করা হয়েছে, তাদের একটি অংশ এখন ফ্যাসিবাদের দোসরদের মতো আচরণ করছে। দেশের মানুষ এই রাজনীতি পছন্দ করে না। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচিত হলে নিজেকে জনগণের খাদেম হিসেবে কাজ করার অঙ্গীকার করে মাসুদ সাঈদী বলেন, পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীকে ঢেলে সাজানো হবে। শিল্পকারখানা স্থাপন করে বেকারত্ব দূর, রাস্তা-ঘাট, বেড়িবাঁধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।
সমাবেশের শেষ পর্বে বিএনপির সাত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।