ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী জনসভায় বাবার রাজনৈতিক আদর্শ ও স্মৃতি তুলে ধরে ভোট চাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। বক্তব্যের শুরুতেই তার চোখে পানি চলে আসে এবং প্রায় তিন মিনিট ধরে তিনি অশ্রুসিক্ত অবস্থায় কথা বলেন। এ সময় বারবার টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায় তাকে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলা সদরের মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত নির্বাচনী জনসভায় এ ঘটনা ঘটে। শামা ওবায়েদ ইসলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) এবং ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে দলের মনোনীত প্রার্থী।
বাবা কে এম ওবায়দুর রহমান-এর স্মৃতিচারণ করে তিনি বলেন, তার বাবা দল-মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছেন এবং মানুষের ভালোবাসাই ছিল তার সবচেয়ে বড় অর্জন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই তিনি রাজনীতিতে এসেছেন বলে জানান শামা ওবায়েদ।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে তিনি এলাকাবাসীর পাশে আজীবন থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি রাতের বেলা গ্রাম পাহারার আহ্বান জানান তিনি।
জনসভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।