বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের সাধ্য ও বাস্তবতার বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চায় না বিএনপি। তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে—জনগণই সব ক্ষমতার উৎস। তাই এমন প্রতিশ্রুতি দেওয়া হবে, যা বাস্তবায়নযোগ্য এবং মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০-এর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ঢাকা-১৭ ও ঢাকা-১৬ আসনেও পৃথক পথসভায় বক্তব্য রাখেন।
তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বিএনপির নির্বাচনী ইশতেহারে নারী, শিক্ষার্থী, বেকার যুবক ও কৃষকদের জন্য সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
নারী ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া-এর নেতৃত্বে মেয়েরা বিনামূল্যে শিক্ষার সুযোগ পেয়েছে, যা বিএনপির সামাজিক অঙ্গীকারের প্রমাণ।
তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, তরুণদের জন্য ভোকেশনাল ইনস্টিটিউট এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. শফিকুর রহমান।