জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বাসার ঠিকানা জানতে চেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি নির্বাচনি বুথে গিয়ে তিনি দলীয় কর্মীদের কাছে এ বিষয়ে খোঁজ নেন।
জানা যায়, ঢাকা-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মির্জা আব্বাস-এর নির্বাচনি প্রচারণাকালে যুবদল নেতা নয়ন ওই বুথে উপস্থিত হন। সেখানে তিনি বলেন, “আব্বাস ভাইয়ের সালাম নেবেন। পাটওয়ারীর খবর কী?” এরপর তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসার অবস্থান সম্পর্কে জানতে চান।
নয়ন আরও বলেন, তিনি নিজেও ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছোটবেলা থেকেই এই এলাকায় বসবাস করছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী যেহেতু এই এলাকার প্রার্থী, তাই প্রতিবেশী হিসেবে তার বাসার ঠিকানা জানা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বুথে উপস্থিত কর্মীদের উদ্দেশে নয়ন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে ভবিষ্যতে কোনো সমস্যায় সেবা নিতে তার কাছে যেতে হতে পারে। সে কারণেই তার বাসার ঠিকানা জানতে চাওয়া হয়েছে বলে তিনি ব্যাখ্যা দেন।
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও তাৎক্ষণিক কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।