জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। তিনি বলেন, “আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনা কাঠামোর পরিবর্তন চেয়েছি, স্বৈরতন্ত্রেরও পরিবর্তন চেয়েছি।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন তারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন, কিন্তু দখলের চেষ্টা করলে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন না। জনগণের নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই আগামী ১০০ বছরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, প্রশাসন, পুলিশের আচরণ এবং বিচার বিভাগের চরিত্র নির্ধারিত হবে। এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।
বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের তিনটি নির্বাচনে এসপি, ওসি, এসআই থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত খাম পাঠানোর সংস্কৃতি চালু ছিল। এসব অনিয়ম আর চলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, এবার কেউ যদি কালো টাকা স্পর্শ করে, ভোট ডাকাতির চেষ্টা করে কিংবা জনগণের ভাগ্য নিয়ে খেলতে চায়—তাদের পালানোর জায়গা থাকবে না। জনসভায় এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ-এর হাতে আনুষ্ঠানিকভাবে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়।