ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে।
তিনি বলেন, সেই ষড়যন্ত্রকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে হবে; ওই দিনই দেশকে দখলদার, আধিপত্য ও সন্ত্রাসমুক্ত করার সুযোগ রয়েছে। ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও ব্যর্থ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকার একেবারে কাছে থাকা সত্ত্বেও বাড্ডার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার।
জুলাই গণ-অভ্যুত্থানে বাড্ডা-রামপুরা আন্দোলন ও প্রতিরোধের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল, যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে।
তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার। ভূমিদস্যুতা ও দখলদারির কারণে শত শত পরিবার নিঃস্ব হয়েছে। স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্তদের একটি অংশ দীর্ঘদিন ধরে এসব দখলদারিকে প্রশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ভূমিদস্যুতা বন্ধ, হারানো জমি ফেরত বা ন্যায্যমূল্য নিশ্চিত এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে ঢাকা-১১ আসনের বৈষম্য দূর করা হবে।