ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আসন্ন নির্বাচনে তরুণদের প্রধান দায়িত্ব হচ্ছে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, ভোটকেন্দ্রগুলো আমাদের মা-বোন, চাচা-খালাদের জন্য নিরাপদ রাখতে হবে। নানা ষড়যন্ত্র ও হুমকির মধ্যেও তরুণরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ এই দায়িত্ব পালন করা সম্ভব হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সব নাগরিক যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাদিক কায়েম আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল জনসমর্থনের মাধ্যমে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হবে। তিনি সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং এই বিজয়কে ডা. শফিকুর রহমান-এর প্রতি উপহার হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন ও আত্মদানের মধ্য দিয়েই একটি নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক, মানবিক ও জনগণের বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের সাহসী ও সচেতন ভূমিকা অপরিহার্য।