বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর নাম পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে কোনোভাবেই সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না।
শনিবার রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সাবেক সেনাবাহিনী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও করে না এবং ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে বিবেচনা করে।
২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনার পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করা হয়, যা ছিল অত্যন্ত দুঃখজনক। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বিডিআরের ঐতিহ্যবাহী নাম পুনর্বহাল করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পিলখানা হত্যাযজ্ঞ দিবসকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পে’ নীতি বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকার গঠন করলে তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।