লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তিনি বিএনপির একজন প্রতিষ্ঠাতা হলেও দলটির ভবিষ্যৎ সংকট বুঝেই বিএনপি ত্যাগ করেছেন। তিনি বলেন, “আমি বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু যখন বুঝলাম বিএনপি আর বেশিদিন টিকবে না এবং তাদের চিকিৎসা দরকার, সেদিনই বিএনপি ছেড়ে দিয়েছি।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেল চত্বর এলাকায় ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কর্নেল অলি বলেন, অনেকেই দাবি করছে—এই জোট ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করা হবে এবং বিভিন্ন ধর্মের মানুষের ধর্ম পালনে বাধা দেওয়া হবে।
তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “কারো ব্যক্তিগত বা ধর্মীয় স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। বরং যারা নিজের ধর্ম ঠিকভাবে পালন করে না, তারাই অন্যের ধর্মে হস্তক্ষেপ করে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দেবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “১২ তারিখ পর্যন্ত যা করার করে নেন। ওই দিন জনগণ আপনাদের ভাতের হোটেল বন্ধ করে দেবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাঈল হক্কানী। সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।