বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কার পক্ষে ভোট দেবেন তা প্রত্যেক ভোটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, “যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকা উচিত নয়।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে এবং এতে অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে। তাই ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে না যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, নির্বাচন শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের একটি মৌলিক অধিকার, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় মতামত প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। “ভোট না দিলে পরিবর্তন আসে না—ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতিই গণতন্ত্রে বিশ্বাসের প্রমাণ,” বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। “আমাকে ভোট না দিলেও সমস্যা নেই, কিন্তু কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে,”—এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।