বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যারা নিজেরাই দুর্নীতির ইতিহাস গড়েছে, তারা যখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলে তখন শয়তানও হাসে। তিনি বলেন, “বিড়ালের কাছে মাছ পাহারা দেওয়ার দরকার নেই, শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ারও প্রয়োজন নেই। তাই আবেগে নয়, সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়ার একটি নির্বাচনী কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম সাদ্দাম বলেন, অতীতে হাওয়া ভবনের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সেইসব দুর্নীতিবাজ শক্তিই আজ আবার নৈতিকতার কথা বলছে, যা জনগণের সঙ্গে তামাশার শামিল।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এসব শক্তির হাতে আবারও রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হলে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আবেগে নয়, বিবেক দিয়ে ভোট দিন। কারা প্রকৃত পরিবর্তন চায় আর কারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে—তা চিনে নিতে হবে।”
ছাত্রশিবির সভাপতি আরও বলেন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। তিনি তরুণ সমাজকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
বক্তব্যের শেষে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।