ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৭ ফেব্রুয়ারি) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ধর্মের নাম ব্যবহার করে যারা ভোট আদায়ের চেষ্টা করছে, তাদের ভোট দিলে জনগণ আবারও প্রতারিত হবে—অতীত ইতিহাস সেটাই প্রমাণ করে। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, ‘চব্বিশের চেতনা কিংবা ধর্মের নামে যারা প্রতারণা করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে।’
তিনি বলেন, ইতিবাচক মানবকল্যাণমূলক কাজের মাধ্যমেই তিনি মানুষের কাছে পরিচিত হতে চান। কাঠের সেতু নির্মাণ বা ক্যানসার রোগীর চিকিৎসার মতো উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নেতিবাচক রাজনীতি নয়, মানবসেবার মাধ্যমেই তিনি জনগণের আস্থা অর্জন করতে চান।
বিএনপির এই নেতা বলেন, সংবিধান অনুযায়ী আইনের চোখে সব নাগরিক সমান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গারো ও হাজংসহ সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ তার কাছে সমান মর্যাদার অধিকারী। নির্বাচিত হলে ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ন রাখার অঙ্গীকার করেন তিনি।
ভোটারদের উদ্দেশে কায়সার কামাল বলেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে ভোটের ফলাফল বিকৃত না হয়। তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনী ইশতেহার গতানুগতিক নয়, বরং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।