ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম–এর সমর্থনে।
সাদিক কায়েম বলেন, জুলাই পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী মানুষের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, মাফিয়াতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটানো সম্ভব হবে।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। আগামী নির্বাচনে জনগণ দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জামায়াতের নির্বাচনী ইশতেহার বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন ও সুশাসনের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। জনসভায় জামায়াত, ছাত্রশিবির ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।