বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারাজ নির্মাণের মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। একই সঙ্গে নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করা এবং কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে বলে তিনি ঘোষণা দেন।
শনিবার দুপুর ২টা ৭ মিনিটে নীলফামারীতে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, তিস্তা নদী ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘবে টেকসই ও স্থায়ী সমাধান প্রয়োজন। এ জন্য একটি সমন্বিত ও বাস্তবসম্মত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, নীলফামারীর ইপিজেড আরও সম্প্রসারণ করা হবে এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। নীলফামারীকে একটি আধুনিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার পরিকল্পিতভাবে কাজ করবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তিই হবে বিএনপির মূল লক্ষ্য। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।