বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা ভোটকেন্দ্রে অনৈতিক উদ্দেশ্যে আসতে চায়, তাদের উদ্দেশে তিনি বলেন, “আসার আগে বাবা-মা ও সন্তানদের কাছে ক্ষমা চেয়ে আসুন। সময় কিন্তু পাবেন না।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বটতলা এলাকায় আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই শত শত মানুষ হত্যার শিকার হয়েছে এবং বহু মা-বোন নির্যাতিত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এ ধরনের শক্তি বাংলাদেশের জন্য অনিরাপদ।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় মানে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। ভবিষ্যতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি।
সমাবেশের শেষাংশে তিনি বলেন, নৌকা, ধানের শীষ ও লাঙ্গল—সব প্রতীক জনগণ দেখেছে। এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে জনগণ। নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে দোয়া ও সালামের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।